আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০৫ রাত | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপসায় আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা: পুলিশকে মারপিট, গ্রেফতার ১২


নিজস্ব প্রতিবেদক: খুলনার রূপসায় হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে রূপসা থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এসআই মো. আশরাফুল আলমের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে রূপসা উপজেলার ৩নং নৈহাটি ইউনিয়নের রহিমনগর এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি জহির শেখ (৩২) নিজ বাড়িতে অবস্থান করছে— এমন তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে রূপসা থানার মামলা নং-০৯, তারিখ ০৭ নভেম্বর ২০২৫, পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় মামলা রয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারের পর তাকে থানায় নেওয়ার প্রস্তুতিকালে আসামি চিৎকার শুরু করলে তার স্বজন ও স্থানীয় লোকজন সংঘবদ্ধ হয়ে ঘটনাস্থলে জড়ো হয়। এসময় আজিজ শেখ, নাজমুল শেখ, আবিদ শেখ, মহিদুল শেখ, নাজমুল সাকিব, নার্গিস বেগম, নাসিমা বেগম, রুনা বেগম, তমা বেগম, রুপা বেগম, ফারুক ও খন্দকার আফজাল উদ্দিনসহ অজ্ঞাতনামা আরও ৫০–৬০ জন বেআইনি জনতাবদ্ধ হয়ে পুলিশের কাছ থেকে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

পুলিশ বাধা দিলে হামলাকারীরা কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে এসআই আশরাফুল আলমসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। আহতদের রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় কর্তব্যরত পুলিশ সদস্যদের সরকারি কাজে বাধা, মারধর এবং আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে দণ্ডবিধির ১৪৩/৩৩২/৩৩৩/৩৫৩/১৮৬/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০–৬০ জনকে আসামি করা হয়েছে।

পরে অভিযান চালিয়ে মোট ১২ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে রূপসা থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

author

Editor

রূপসায় আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা: পুলিশকে মারপিট, গ্রেফতার ১২

Please Login to comment in the post!
adds

you may also like