- by Editor
- Jan, 02, 2025 18:05
নিজস্ব প্রতিবেদক: খুলনার রূপসা উপজেলায় আবারও ঘটেছে নৃশংস হত্যাকাণ্ড। উপজেলার রামনগর মানিক সর্দারের মাঠে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে সোহেল হাওলাদার (৩৫) নামের এক যুবককে।
বুধবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সোহেল রূপসার রহিমনগর এলাকার রুস্তম হাওলাদারের ছেলে এবং শফি মহরির নাতি। তিনি প্রয়াত আওয়ামী লীগ নেতা সৈয়দ আহমেদের জামাই ছিলেন। জানা গেছে, সোহেল বেশ কিছু দিন প্রবাসে অবস্থান করার পর সম্প্রতি দেশে ফিরেছেন।
স্থানীয়রা জানান, রাতের দিকে সোহেল হাওলাদার মানিক সর্দারের মাঠের পাশে অবস্থান করছিলেন। হঠাৎ মোটরসাইকেলে আসা দু’জন মুখোশধারী ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি সরাসরি তার চোখে লাগে। ঘটনাস্থলেই তিনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ব্যক্তিগত শত্রুতা বা পুরনো কোনো বিবাদের জেরেও এমন ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে।”
তিনি আরও বলেন, “ঘটনার তদন্ত চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।”
হত্যাকাণ্ডের পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবারসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
রূপসা উপজেলায় সম্প্রতি ধারাবাহিকভাবে সন্ত্রাসী কার্যক্রম ও গুলিবর্ষণের ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা সত্ত্বেও এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড স্থানীয়দের মাঝে উদ্বেগ সৃষ্টি করেছে।