- by Editor
- Jan, 06, 2025 11:06
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্স থেকে ৫০০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তাররা হলেন— শাহিন মাতাব্বর ওরফে সাহিদ (৪৬), অনিতা রায় (৩১), মো. নূরুল ইসলাম (৩৩) ও উত্তম চন্দ্র সুর (৪৯)।
ডিবি জানায়, প্রায় তিন মাস ধরে পরিকল্পনা করে চোর চক্রটি চুরির প্রস্তুতি নেয়। তারা বেশ কয়েকবার রেকি করে এবং চুরির সরঞ্জাম মার্কেটের পেছনে লুকিয়ে রাখে।
গত ৮ অক্টোবর রাতে তারা গণপূর্ত কোয়ার্টারের ভেতর দিয়ে মার্কেটে প্রবেশ করে বাথরুমের গ্রিল কেটে ভেতরে ঢোকে। এরপর বোরকা পরে শম্পা জুয়েলার্সে ঢুকে প্রায় ৫০০ ভরি স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যায়।
পরবর্তীতে ডিবি চট্টগ্রাম, বরিশাল ও নারায়ণগঞ্জে পৃথক অভিযানে চারজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ১৯০ ভরি স্বর্ণ, ৯৩.৫ গ্রাম রুপা, ১ লাখ ৭৭ হাজার ২০০ টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
ডিবি কর্মকর্তারা জানান, কিছু স্বর্ণ পলিথিনে ভরে মাটির নিচে পুঁতে রাখা ছিল।
গ্রেপ্তারদের বিরুদ্ধে রমনা থানায় দায়ের করা মামলায় আইনি প্রক্রিয়া চলছে।