- by Editor
- Jan, 02, 2025 18:44
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেছেন, সেবা পাওয়া জনগণের অধিকার, পুলিশ জনগণকে সেবা দিতে বাধ্য। কাঙ্ক্ষিত মাত্রার সেবা পেতে পুলিশকে সহযোগিতা করুন। শাহজাহানপুর থানা এলাকার নাগরিকদের সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রবিবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর শাহজাহানপুরের মাহবুব আলী মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতিঝিল বিভাগের উপকমিশনার মো. শাহরিয়ার আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় মতিঝিল বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতারা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত কমিশনার বলেন, ৫ আগস্ট প্রেক্ষাপটে একটি নতুন অধ্যায়ের সুচনা করেছে। বৈষম্য থেকে উত্তরণের জন্য একটি সুযোগ সৃষ্টি তৈরি করেছে আমাদের তরুণ সমাজ। তিনি আরো বলেন, প্রত্যেক নাগরিককে তার নিজের অবস্থানে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রত্যেক পরিবারে বাবা-মাকে নিজ-নিজ সন্তানদের সুনাগরিক ও ভালোমানুষ হিসেবে গড়ে তুলতে হবে। প্রত্যেককে নিশ্চিত করতে হবে যে, আমি আইন ভাঙ্গব না ও নিজের অধীনস্থ এবং পরিবারের সদস্যদের আইন না ভাঙ্গার প্রতি উদ্ভুদ্ধ করব। তাহলে একটি অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে। ঐক্যবদ্ধভাবে সবাইকে আইন মান্য করতে হবে।