- by Editor
- Jan, 02, 2025 18:44
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডি সূত্রে জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গ থেকে তাদের গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স। এ বিষয়ে বার্তা সংস্থা এএনআইও খবর প্রকাশ করেছে। গ্রেপ্তার হওয়া দুই আসামিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সরকারি উদ্যোগে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান। তার মৃত্যুর পর দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়।
ঘটনার পরপরই পুলিশ তদন্তে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনসহ বেশ কয়েকজনের নাম উঠে আসে। তাদের মধ্যে ফয়সালকে মামলার প্রধান আসামি করা হয়।
এদিকে তদন্তে ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন ব্যাংক হিসাবে প্রায় ১২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় গত ২৩ ডিসেম্বর আদালত ফয়সালের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন এবং তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।
প্রাথমিক তদন্তের তথ্যের ভিত্তিতে ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগেও পৃথক অনুসন্ধান শুরু করেছে সিআইডি। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, মামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।