- by Editor
- Jan, 03, 2025 07:14
নিজস্ব প্রতিবেদক: খুলনার রূপসায় শ্রমিকদল নেতা মোঃ মাসুম বিল্লাহ হত্যাকাণ্ডের সাথে জড়িত খুনি ও অর্থদাতাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নেতাকর্মীরা। একই সঙ্গে প্রকৃত আসামিদের গ্রেপ্তারে গড়িমসি করা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
সোমবার (৯ মার্চ) বিকেল ৩টায় পূর্ব রূপসা ঘাট চত্বরে খুলনা জেলা শ্রমিকদল ও পূর্ব রূপসা থানা শ্রমিকদলের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, শ্রমিকদলের পূর্ব রূপসা থানা শাখার সাবেক আহ্বায়ক ও রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ মাসুম বিল্লাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িত খুনি ও অর্থ জোগানদাতাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, হত্যাকাণ্ডের পাঁচ দিন পর শ্রমিক ইউনিয়নে কালো পতাকা উত্তোলনের ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি, মাসুম বিল্লাহ এই শ্রমিক ইউনিয়নের নির্বাচিত সভাপতি ছিলেন। অথচ বর্তমান কমিটি তার নৃশংস হত্যাকাণ্ডের পর গত চার দিনে কোনো কার্যকর ভূমিকা নেয়নি।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু। খুলনা জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জল কুমার সাহার সভাপতিত্বে এবং জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক খাঁন ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ সজল শেখ, জেলা বিএনপির সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম, আরিফুর রহমান আরিফ, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক সাইফুর রহমান মোল্লা, উপজেলা বিএনপির সহ-সভাপতি বিকাশ মিত্র ও রবিউল ইসলাম রবি।
এছাড়া বক্তব্য দেন জেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, বিএনপি নেতা মহিউদ্দিন শেখ, মোঃ দিদারুল ইসলাম, শ্রমিকদল নেতা মোঃ ইউনুস গাজী, আবু সাঈদ গাজী, সাবেক ছাত্রনেতা এস এম মিজানুর রহমান, মাঈনুল হাসান এবং নিহত মাসুম বিল্লাহ’র বড় ছেলে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি (প্রস্তাবিত) মোঃ আবিদ হুসাইন।
মানববন্ধনে জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদিকা মোছাঃ মনিরা বেগমসহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।