আজকের তারিখ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ রাত | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপসায় সুধী সমাবেশে ডিআইজি রেজাউল হক: অপরাধ দমনে জনসাধারণের সহযোগিতা জরুরি


নিজস্ব প্রতিবেদক: খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক পিপিএম বলেছেন, অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সমাজের প্রতিটি মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে অপরাধের বিরুদ্ধে সোচ্চার থাকে, তাহলে অপরাধ অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব।

রবিবার (৮ মার্চ) দুপুরে রূপসা উপজেলার পূর্ব রূপসা ঘাট বাসটার্মিনাল এলাকায় রূপসা থানা পুলিশের আয়োজনে অপরাধ নিয়ন্ত্রণকল্পে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিআইজি রেজাউল হক বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের একার পক্ষে সব কিছু করা সম্ভব নয়। এজন্য জনসাধারণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত জরুরি। মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। তবে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে তা দ্রুত পুলিশকে জানালে অপরাধ দমনে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলাই পুলিশের প্রধান লক্ষ্য। পুলিশ সব সময় জনগণের পাশে রয়েছে এবং জনগণের আস্থা ও সহযোগিতা পেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।

অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, সন্তানদের প্রতি নজরদারি বাড়াতে হবে, যাতে তারা মাদক, সন্ত্রাস বা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে। পাশাপাশি তরুণ সমাজকে ভালো কাজে সম্পৃক্ত করতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

খুলনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) তোফায়েল আহাম্মেদ, খুলনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনিসুজ্জামান এবং খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) মোঃ রাফিউর রহমান।

সমাবেশে স্বাগত বক্তব্য দেন রূপসা থানা অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক মীর। রূপসা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুস সবুর খানের সঞ্চালনায় বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা বিএনপির সদস্য মোল্যা রিয়াজুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা লবিবুল ইসলাম, সেক্রেটারি মাওলানা হাবিবুল্লাহ ইমন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র, রূপসা প্রেসক্লাবের সভাপতি তরিকুল ইসলাম ডালিম ও রূপসা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন।

এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রূপসা থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

author

Editor

রূপসায় সুধী সমাবেশে ডিআইজি রেজাউল হক: অপরাধ দমনে জনসাধারণের সহযোগিতা জরুরি

Please Login to comment in the post!
adds

you may also like