আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১১ দুপুর | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে পুলিশের ওপর হামলা: ৫ পুলিশ সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাই, একজন আটক


নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার পথে পুলিশের ওপর ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা এলোপাতাড়ি কুপিয়ে পাঁচ পুলিশ সদস্যকে গুরুতর আহত করে এবং হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। চাঞ্চল্যকর এই ঘটনা ঘিরে পুরো এলাকায় ব্যাপক আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, কয়েকদিন আগে রাসেল নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের হয়। মামলার প্রধান এজাহারভুক্ত আসামি আরিফুল ইসলাম। আহত রাসেল বর্তমানে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু হাসপাতাল)-এ আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি পুলিশ দল দিগারকান্দা এলাকায় অভিযান চালিয়ে আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিকে থানায় নিয়ে যাওয়ার সময় তার বাবা সাগর আলীর নেতৃত্বে কয়েকশ লোক দেশীয় অস্ত্র, দা, লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।

একপর্যায়ে হামলাকারীরা পুলিশ সদস্যদের এলোপাতাড়ি কুপিয়ে ও মারধর করে গুরুতর আহত করে এবং হাতকড়াসহ আসামি আরিফুল ইসলামকে ছিনিয়ে নিয়ে যায়।

হামলায় গুরুতর আহত পাঁচ পুলিশ সদস্যকে দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এবং তারা নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে টহল জোরদার করেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও পুরো এলাকা অতিরিক্ত নজরদারিতে রয়েছে।

পুলিশ ইতোমধ্যে হামলায় জড়িত থাকার অভিযোগে আসামির বাবা সাগর আলীকে আটক করেছে। ছিনিয়ে নেওয়া আসামি আরিফুল ইসলামসহ অন্যান্য হামলাকারীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চালানো হচ্ছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,

“পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ এক আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছে। হামলায় আমাদের পাঁচ সদস্য গুরুতর আহত হয়েছেন। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর প্রকাশ্য হামলা এবং আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ময়মনসিংহে তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সচেতন মহল।

author

Editor

ময়মনসিংহে পুলিশের ওপর হামলা: ৫ পুলিশ সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাই, একজন আটক

Please Login to comment in the post!
adds

you may also like