- by Editor
- Jan, 02, 2025 18:05
খুলনা প্রতিনিধি: খুলনা নগরীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও বিপুল পরিমাণ মাদকসহ কুখ্যাত সন্ত্রাসী হীরা (৩৫) কে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (১৩ অক্টোবর ২০২৫) ভোররাতে লবণচরা থানাধীন মাথাভাঙ্গা এলাকায় সেনাবাহিনী ও লবণচরা থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হীরা বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার তেলিগাতি গ্রামের আবু শেখের ছেলে। বর্তমানে সে খুলনার লবণচরা থানার মাথাভাঙ্গা এলাকায় বসবাস করছিল বলে জানা গেছে।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে হীরার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ১ হাজার ১৮৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায়, হীরা দীর্ঘদিন ধরে অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। তার বিরুদ্ধে খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্যের বিষয়ে পৃথক দুটি মামলা লবণচরা থানায় দায়ের করা হয়েছে—একটি অস্ত্র আইন এবং অন্যটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের একজন কর্মকর্তা জানান, সন্ত্রাস ও মাদকমুক্ত নগরী গড়ার লক্ষ্যে সেনাবাহিনী ও পুলিশের সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।