- by Editor
- Jan, 02, 2025 18:05
নিজস্ব প্রতিবেদক:. খুলনায় ভয়ঙ্কর এক অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনার রহস্য উদঘাটন করেছে খুলনা সদর থানা পুলিশ। ২৪ বছর বয়সী তরুণ মো. মুস্তাসিম বিল্লাহকে অপহরণের পর হত্যার ভয় দেখিয়ে নগদ টাকা ও অনলাইন লেনদেনের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর ২০২৫ তারিখ দুপুর ১টা ৩০ মিনিটে সাতরাস্তার মোড় গরীবে নেওয়াজ ক্লিনিকের সামনে থেকে মুস্তাসিম বিল্লাহকে অপহরণ করে একদল দুর্বৃত্ত। পরে অপহরণকারীরা তাকে হত্যার হুমকি দিয়ে নগদ ২৪,০০০ টাকা এবং Payoneer অ্যাকাউন্টের মাধ্যমে ৫৬ ডলার হাতিয়ে নেয়। একই সঙ্গে তারা আরও ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
ভিকটিম টাকা দিতে অস্বীকার করলে তাকে হত্যার ভয় দেখানো হয়। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে কিছু অর্থ প্রদান ও প্রতিশ্রুতির মাধ্যমে মুক্তি পান তিনি।
ঘটনার পর ভিকটিম নিজে বাদী হয়ে খুলনা সদর থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-৫, তারিখ-৭/১০/২০২৫, ধারা ৩৬৪/৩৮৫/৩৮৬/৩৮৭/৩৪ পেনাল কোড)।
পরে পুলিশ একই দিন রাত ১২টা ৪০ মিনিটে খুলনা সোনাডাঙ্গা থানার পশ্চিম বানিয়াখামার এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন—
১. রমজান আকন (২৮), পিতা: মো. হাবিবুর রহমান আকন, সাং: বি.কে. রায় রোড, থানা: সোনাডাঙ্গা মডেল;
২. ফেরদাউস (৩০), পিতা: শেখ ওমর আলী, সাং: ২১, পশ্চিম বানিয়াখামার, থানা: সোনাডাঙ্গা মডেল;
৩. মনিরুজ্জামান (২৪), পিতা: আমিরুল ইসলাম, সাং: কৃষ্ণনগর, চরাই, থানা: লবণচরা, খুলনা।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অপহরণ ও অর্থ আদায়ের ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।