- by Editor
- Jan, 15, 2025 10:37
নিজস্ব প্রতিবেদক: খুলনায় ইজিবাইকের মোটরের সাথে ওড়না পেঁচিয়ে সুরাইয়া (২২) নামের এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৯ নভেম্বর) সকালে নগরীর বয়রা বাজার শেরের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুরাইয়া যশোরের অভয়নগর উপজেলার হিতিয়া গ্রামের মো. আতিয়ার মোল্লার মেয়ে। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুরাইয়া সকালে অভয়নগর থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। চিকিৎসা শেষে ইজিবাইকে করে বাড়ি ফেরার পথে তার গলায় থাকা ওড়না চলন্ত ইজিবাইকের মোটরের সাথে পেঁচিয়ে যায়। এতে সে ভারসাম্য হারিয়ে পড়ে গিয়ে গলায় গুরুতর আঘাত পান।
এ বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় ইজিবাইক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ ইজিবাইক ও চালককে শনাক্তের চেষ্টা করছে।
এই দুর্ঘটনাটি এলাকাজুড়ে শোকের ছায়া ফেলেছে। স্থানীয়দের দাবি, শহরে চলন্ত যানবাহনে ওড়না বা স্কার্ফ ব্যবহারে সচেতনতা বৃদ্ধিতে প্রশাসনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন।