- by Editor
- Jan, 02, 2025 18:05
নিজস্ব প্রতিবেদক: খুলনার রূপসা উপজেলায় ফারুখ নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজাপুর এলাকার একটি সড়কে অবস্থানকালে সন্ত্রাসীরা ফারুখকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে।
আইচগাতি ক্যাম্পের ইনচার্জ মো. ইব্রাহিম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত পৌনে ১১টার দিকে রাজাপুর এলাকায় ফারুখকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও কেউ ঘটনার বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে রাজি হয়নি।
তিনি আরও জানান, এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে আহত ফারুখ র্যাবের সোর্স হিসেবে কাজ করতেন। তবে কারা বা কী কারণে তাকে গুলি করেছে—এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানোর কথা জানিয়েছে।