আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৩ দুপুর | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার আওয়ামিলীগ নেতা ফয়েজ মাহমুদ ঢাকায় গ্রেফতার


খুলনা প্রতিনিধি │ প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫, শনিবার

খুলনা মহানগর আওয়ামী লীগের অঙ্গসংগঠন খালিশপুর থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কাজী ফয়েজ মাহমুদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) গভীর রাতে রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) একাধিক সূত্র।

গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফয়েজ মাহমুদকে ঢাকা থেকে আটক করে খুলনায় নিয়ে আসে। শুক্রবার বিকেলে তাকে খুলনা আদালতে হাজির করা হয়।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে চাঁদাবাজি, দলীয় বিরোধ এবং অবৈধ প্রভাব বিস্তারের অভিযোগে একাধিক মামলা তদন্তাধীন রয়েছে। এসব মামলারই একটি পুরনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তবে কাজী ফয়েজ মাহমুদের পরিবার ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ দাবি করেছেন, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। ফয়েজ মাহমুদের ঘনিষ্ঠরা জানান, সম্প্রতি দলীয় কোন্দলে তিনি প্রতিপক্ষের টার্গেটে পরিণত হয়েছিলেন।

খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি মো. শওকত আলী বলেন, “দলীয় নেতার গ্রেপ্তারে আমরা হতবাক। যদি কোনো অভিযোগ থাকে, তা আইনগতভাবে নিষ্পত্তি হোক—কিন্তু কাউকে রাজনৈতিকভাবে টার্গেট করা ঠিক নয়।”

এ বিষয়ে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, “নির্দিষ্ট মামলার ভিত্তিতে কাজী ফয়েজ মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে আপাতত বিস্তারিত বলা যাচ্ছে না।”

রাজনৈতিক মহলে এ ঘটনাকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকেই একে খুলনার আসন্ন রাজনৈতিক সমীকরণের অংশ বলেও মনে করছেন।

author

Editor

খুলনার আওয়ামিলীগ নেতা ফয়েজ মাহমুদ ঢাকায় গ্রেফতার

Please Login to comment in the post!
adds

you may also like