- by Editor
- Jan, 06, 2025 11:06
নিজস্ব প্রতিবেদকঃ খুলনার রূপসায় ৯টি ইটভাটায় অভিযান চালিয়ে ২২ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে অধিদফতর খুলনা জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে রূপসার অগ্রণী ব্রিকস ২ লাখ টাকা, মুন ব্রিকস ২ লাখ টাকা, নিশান ব্রিকস ২ লাখ টাকা, রোজ ব্রিকস ৪ লাখ টাকা, সিটি ব্রিকস-১ এর ২ লাখ টাকা, সিটি ব্রিকস-২ এর ২ লাখ টাকা, এলএসবি ব্রিকস ২ লাখ টাকা, এমএনএস ব্রিকস ২ লাখ টাকা এবং আজাদ ব্রিকস’র ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
পরিবেশ অধিদফতর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম জানান, পরিবেশ অধিদফতরের উদ্যোগে রূপসায় ৯টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লংঘন করে ইটভাটা পরিচালনা করার অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় খুলনা জেলায় ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
অভিযানকালীন সময় রূপসা উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, রূপসা থানা ও নৌ পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।