- by Editor
- Jan, 02, 2025 18:05
নিজস্ব প্রতিবেদকঃ খুলনা, রূপসা | ২১ জুলাই ২০২৫:
বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা ডিজিএফআই (DGFI)–এর কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগে মোঃ স্বাধীন হোসেন (২৬) নামের এক যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রূপসা উপজেলার রহিমনগর এলাকার বাসিন্দা মোঃ জিয়াউল হাসান রূপসা থানায় দায়ের করা এক লিখিত অভিযোগে জানান, স্বাধীন হোসেন দীর্ঘদিন ধরে ওই এলাকায় জনৈক পদ্মার বাড়িতে ভাড়া থেকে নিজেকে ডিজিএফআই-এর অফিসার পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন। তিনি আর্মির ইউনিফর্ম পরে চলাফেরা করতেন এবং এলাকার সাধারণ মানুষকে ভয়ভীতি ও মারধরের মাধ্যমে চাঁদা আদায় করতেন।
ভুক্তভোগী জিয়াউল হাসান জানান, ১৯ জুন ২০২৫ তারিখ বিকাল ৩টা ৩০ মিনিটের দিকে অভিযুক্ত ব্যক্তি তার বাড়ির সামনে এসে মাদক ব্যবসার মিথ্যা অভিযোগ তুলে তার কাছে ৫০,০০০ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দিলে তাকে প্রকাশ্যে মারধর করে জখম করে। একাধিকবার ভয় দেখিয়ে সর্বমোট ২৫,০০০ টাকা হাতিয়ে নেয় অভিযুক্ত স্বাধীন। এ অর্থের মধ্যে স্থানীয় তিন ব্যক্তির কাছ থেকে ধার করে তিনি পরিশোধ করেন।
এরপর ২০ জুলাই রহিমনগর গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সে সময় স্বাধীন পুনরায় নিজেকে ডিজিএফআই-এর অফিসার পরিচয় দিয়ে অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন। তখন উপস্থিত জনতা পুলিশ, আর্মি ও কোস্ট গার্ডকে খবর দিলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তকে আটক করে এবং তার ভাড়াবাড়িতে অভিযান চালিয়ে সেনাবাহিনীর পোশাক ও সামরিক সরঞ্জামাদি উদ্ধার করে।
পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, স্বাধীন হোসেন বাংলাদেশ সেনাবাহিনীর কোনো কর্মকর্তা নন।
এ ঘটনায় জিয়াউল হাসান বাদী হয়ে রূপসা থানায় স্বাধীন হোসেনসহ আরও ২-৩ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে প্রতারণা, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা দায়ের করেছেন। মামলা নং- ১৬। তারিখ ২১/০৭/২০২৫। রূপসা থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে জানান, “ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
গ্রেফতারকৃত স্বাধীন শেখ যশোর কোতোয়ালি থানার পালবাড়ি মোড় নিবাসী আফজাল শেখের পুত্র। তাকে সেনা ক্যাম্পে নিয়ে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ তার বিরুদ্ধে মামলা গ্রহণপূর্বক জেল হাজতে প্রেরণ করে।