আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ সকাল | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চিতলমারীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, অগ্নিসংযোগ ও লুটপাট


নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটের চিতলমারী উপজেলা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে রাজিব শেখ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগড়িয়া গ্রামে বিশ্বাস গ্রুপ ও শেখ গ্রুপের মধ্যে এ সংঘর্ষ চলে।

নিহত রাজিব শেখ ওই গ্রামের ফারুক শেখের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষ চলাকালে হামলাকারীরা একাধিক বাড়িতে ভাঙচুর চালিয়ে অন্তত ১০টি বসতবাড়িতে অগ্নিসংযোগ করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও শুরুতে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পক্ষ সংঘবদ্ধভাবে হামলায় জড়িয়ে পড়লে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শুরুতে পুলিশ পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেলেও পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, চিংগড়িয়া গ্রামের সাঈদ বিশ্বাস গ্রুপ ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শেখ মনজুরুল আলমের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি ও আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর আগেও গত ২৮ জানুয়ারি লিচুতলা এলাকায় দুই পক্ষের সংঘর্ষে নিজাম উদ্দিন নামে এক ব্যক্তি নিহত হন। সেই ঘটনার জের ধরেই সর্বশেষ এ রক্তক্ষয়ী সংঘর্ষের সৃষ্টি হয়েছে।

ঘটনার পর বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, পরিস্থিতি এখন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে এবং এ ঘটনায় একজন নিহত হয়েছেন। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

author

Editor

চিতলমারীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, অগ্নিসংযোগ ও লুটপাট

Please Login to comment in the post!
adds

you may also like