- by Editor
- Jan, 03, 2025 07:49
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার অঙ্গ সংগঠনগুলোর কোনো স্তরে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক কাউকে যোগদান করানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দলটি।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম-সচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির কেন্দ্রীয় থেকে স্থানীয় স্তরের সমস্ত কমিটিতে নতুন কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে যোগদান করানো যাবে না। দলটির পক্ষ থেকে বলা হয়, এ ব্যাপারে গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, পতিত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিএনপির অঙ্গ সংগঠনগুলোতে পদ বাগিয়ে নেওয়ার চেষ্টা করছে।
এছাড়া, এছাড়া দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমান বীর উত্তম, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয়তাবাদী নাম ব্যবহার করে বিভিন্ন ভুঁইফোড় সংগঠন বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছে উল্লেখ করে বলা হয়েছে, এরা বিএনপির কেউ নয়। ইতোপূর্বে দলের সিদ্ধান্ত জানানোর পরেও প্রতারক চক্রের লোকেরা এসব নেতাদের ও দলের নাম ব্যবহার করে ভুয়া সংগঠন খুলে বসেছে। দলের পক্ষ থেকে এসব ভুয়া সংগঠনের বিষয়ে সতর্ক থাকারও নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ইতোমধ্যে ‘জিয়া সাইবার ফোর্স’ নামে একটি সংগঠন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নাম ব্যবহার করে ছাত্রলীগের নেতাদের পদ দিয়েছে, যা সম্পূর্ণরূপে প্রতারণামূলক।
বিএনপি তার সমস্ত স্তরের নেতাকর্মীদের এই নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে।