- by Editor
- Jan, 02, 2025 18:05
নিজস্ব প্রতিবেদকঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন-ওয়াপাড়া মহাসড়কের পাশে অবস্থিত হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মালিকানাধীন এনজিন মেটাল ইন্ডাস্ট্রিজে র্দুর্ধষ ডাকাতির ঘটনায় লুট করা কোটি টাকার মালামালসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার ৪ দিন পর তথ্য প্রযুক্তির মাধ্যমে চট্টগ্রামও ঢাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ ডাকাতকে গ্রেফতার করা হয়।
বুধবার (৯ জুলাই) দুপুরে বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ তার কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে গত শুক্রবার (৪ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে মুখে মাস্ক পরিহিত ১৫ থেকে ২০ জনের একটি ডাকাত দল নিরাপত্তা প্রহরীকে অস্ত্রের ভয় দেখিয়ে ওই প্রতিষ্ঠানে ভেতরে প্রবেশ করে। এসময় ৭জন নিরাপত্তাকর্মী ও ৪ শ্রমিককে বেঁধে রাখে। এরপর তারা গেডাউনে ঢুকে সেখান থেকে অ্যালুমিনিয়াম বার ১৫ টন, তামার তার আড়াই টন এবং বৈদ্যুতিক তার ১ টন দু’টি ট্রাকে করে নিয়ে পালিয়ে যায়। এসব মালামাল ও জিনিসপত্র প্রতিষ্ঠানের কাঁচামাল হিসেবে ব্যবহার করার জন্য গুদামজাত করে রাখা হয়েছিল। তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল বলে শ্রমিকরা জানান।
হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের জেনারেল ম্যানেজার (অপারেশন) মো. সিদ্দিকুর রহমান জানান, ডাকাতদল ৮টার দিকে নিরাপত্তাকর্মীদের ভয় দেখিয়ে ভেতরে প্রবেশ করে। তারা প্রায় ৮ ঘণ্টা অবস্থান করে। পরে ডাকাতদল ট্রাকে করে ভোর ৪টার দিকে এসব মালামাল ও জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পরপরই ভোর ৫টার দিকে খবর পেয়ে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীমসহ পুলিশের একটি টিম সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কালামৃধা এলাকার মৃত আব্দুল ছাত্তারের ছেলে স্বপন হোসেন (৩২), বরিশাল জেলার আগইলঝড়া উপজেলার পতিহার পূর্বপাড়া এলাকার মৃত আদম আলী খানের ছেলে মো জলিল খান (৪৫), রাজবাড়ি সদরের রাম কান্তপুর এলাকার মৃত হোসেন আলীর ছেলে জয়নাল ফকির (৪৫), চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ঢাকিরগাও এলাকার মো ছিদ্দিক মৃধার ছেলে মো ইকবাল হোসেন (৩৫),ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার তারাগাজী এলাকার চাঁন মিয়ার ছেলে আল আমিন (৩৬),নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার দক্ষিণ মানিকপুর এলাকার গোলাম সরোয়ারের ছেলে মো গোলাম মর্তুজা (৩৬),চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার উত্তর বাঁশবাড়িয়া এলাকার মৃত মাহামুদুর রহমানের ছেলে মো আশরাফুল ইসলাম (৩৫), বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বৈলতলী এলাকার ইউসুফ আলীর ছেলে মো আব্দুর রহমান (৪২), খুলনা জেলার রূপসা উপজেলার দক্ষিণ খাজাডাঙ্গা এলাকার ইব্রাহিম শেখের ছেলে মো রহমত শেখ (৩৭)। এদের মধ্যে ৫জন সরাসরি ডাকাতির সাথে জড়িত। দুইজন ডাকাতির মাল ক্রেতা এবং এই ডাকাতির সাথে জড়িত সন্দেহে কোম্পানির নিরাপত্তা প্রহরী মোঃ আব্দুর রহমান ও মোঃ রহমত শেখকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ৪ জুলাই রাতে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালি এলাকায় মহাসড়কের পাশে থাকা হ্যামকো কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান অ্যাঞ্জিন মেটাল ইন্ডাস্ট্রিজের নিরাপত্তা প্রহরী ও শ্রমিকদের বেঁধে রেখে এক কোটি ২ লক্ষ টাকার মালামাল লুট করে ডাকাত দল। পরেরদিন ওই প্রতিষ্ঠানের সহকারি ব্যবস্থাপক মোঃ আশরাফুল মিজান বাদী হয়ে ফকিরহাট থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। ডাকাতির খবর পাওয়া ও মামলা হওয়ার পর থেকে পুলিশ অভিযান শুরু করে।