আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০৫ রাত | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৬দফায় ভারত থেকে এলো ৬৩০ টন আতপ চাল


পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে  ছয় দফায় ৬৩০ টন আতপ চাল আমদানি হয়েছে। গত ২৬ নভেম্বর থেকে গত ২৮ জানুয়ারি পর্যন্ত এসব চাল বন্দরটিতে এসে পৌঁছেছে। সিঅ্যান্ডএফ এজেন্ট প্রহর ইন্টারন্যাশনালের মাধ্যমে চট্টগ্রামের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স সামসুল আলম এসব চাল আমদানি করেছে। গত ২৬ নভেম্বর থেকে এই চাল আমদানি শুরু হয় বলে জানিয়েছেন বন্দরটির ব্যবস্থাপক আবুল কালাম আজাদ।

আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স সামসুল আলমের প্রতিনিধি মো. ছাদেক গণমাধ্যমকে বলেন, ‘২০১৮ সালে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমরা ১৪ হাজার টন আতপ চাল আমদানি করেছিলাম। এরপর থেকে এই বন্দর দিয়ে আর চাল আমদানি হয়নি। এবার অনুমতি পাওয়ার পর আমরা দুই হাজার টন চাল আমদানির ঋণপত্র (এলসি) খুলেছি। তার মধ্যে এখন পর্যন্ত ৬৩০ টন চাল এসেছে।’ 

মো. ছাদেক আরও জানান, এখন পর্যন্ত আমদানি হওয়া চাল প্রতি টন ৩৬৬ থেকে ৩৮৫ মার্কিন ডলার দামে আমদানি করা হয়েছে। ২৫ কেজির প্রতি বস্তা চাল দেশে ১ হাজার ৩১০ টাকা থেকে ১ হাজার ৩২০ টাকায় পাইকারিতে বিক্রি করা হচ্ছে। ভারত থেকে আমদানি করা এসব চাল ঢাকাসহ টেকনাফ, খুলনা, চট্টগ্রাম ও সাতক্ষীরার বিভিন্ন মোকামে সরবরাহ করছে আমদানিকারক প্রতিষ্ঠান। 

এই বন্দর দিয়ে দিনে ২০০ থেকে ২৫০টি ট্রাকে পণ্য আমদানি এবং ৫০ থেকে ১০০টি ট্রাকে পণ্য রপ্তানি করা হয়। বর্তমানে এই বন্দর দিয়ে আমদানি করা পণ্যের ৯৫ শতাংশ পাথর। এসব পাথর ভারত ও ভুটান থেকে আমদানি করা হয়। এ ছাড়া নেপাল থেকে চিটাগুড় ও মসুর ডাল এবং ভারত থেকে মাঝেমধ্যে চাল ও পেঁয়াজ আমদানি করা হচ্ছে।

author

Editor

৬দফায় ভারত থেকে এলো ৬৩০ টন আতপ চাল

Please Login to comment in the post!
adds

you may also like